ছবি: সংগৃহীত
ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষা কার্যক্রম সচল রাখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি (অফলাইন) ক্লাস নেওয়া হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি; শিগগিরই তা প্রকাশ করা হতে পারে।
সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস কার্যক্রম চলবে। এর মধ্যে তিন দিন শিক্ষার্থীরা সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাস করবে এবং বাকি তিন দিন অনলাইনে পাঠদান গ্রহণ করবে। ক্লাসের দিন নির্ধারণে জোড়-বিজোড় তারিখ কিংবা রোল নম্বর ভিত্তিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে সেখান থেকেই পাঠদান পরিচালনা করতে হবে। বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক ক্লাসগুলো বাধ্যতামূলকভাবে অফলাইনে ল্যাবের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলায় যাতায়াত কমানো ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আংশিক অনলাইন ব্যবস্থা চালু করা হচ্ছে। এটি আপাতত পরীক্ষামূলকভাবে কার্যকর করা হবে।
সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখতে অনলাইন ও অফলাইন- উভয় মাধ্যমের সমন্বিত ব্যবস্থার দিকে এগোচ্ছে সরকার।