প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬ ১৬:৫৫ (বুধবার)
সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফর করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে তিনি নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন।

বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সাংবাদিকদের জানান, সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী স্বশরীরে উপস্থিত থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন। একই সঙ্গে সারাদেশের সব জেলায় এ কর্মসূচি একযোগে শুরু হবে।

প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল, ক্রিকেটসহ সাতটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া বাধ্যতামূলক করা হবে এবং সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। ইতোমধ্যে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে এবং ধাপে ধাপে আরও প্রায় ৫০০ খেলোয়াড়কে এ ভাতার আওতায় আনা হবে।

সিলেট জেলা স্টেডিয়ামের বর্তমান জীর্ণ দশার দিকে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী অভিযোগ করেন, উন্নয়নের নামে গত ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতি করেছে। তিনি জানান, স্টেডিয়াম সংস্কারের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, প্রধানমন্ত্রী সিলেটের পূর্ণাঙ্গ সফরসূচি পরে ঘোষণা করা হবে।

এর আগে গত ২১ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হন।