ছবি: সাজু মারছিয়াং
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি বিশালাকার অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১২টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের যৌথ প্রচেষ্টায় সাপটিকে বনের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ সংলগ্ন মিজান মিয়ার বসত বাড়িতে সাপটি ঢুকে পড়ে। উদ্ধারকৃত সাপটি ১৪ ফুট লম্বা এবং ওজন প্রায় ৪০ কেজি।
স্থানীয় বাসিন্দা মিজান মিয়া জানান, সাপটি তার বাড়িতে ঢুকে মুরগি খাওয়ার চেষ্টা করছিল। তিনি সেটিকে না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে রেসকিউ টিম এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের দক্ষ রেসকিউ টিম অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে উদ্ধার করে লাউয়াছড়া বনে নিয়ে আসে।
ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা বলেন, ‘উদ্ধারকৃত অজগরটি সুস্থ থাকায় বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সেটিকে লাউয়াছড়া গহীন বনে অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, সাপটি সুস্থ থাকায় প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
সাপটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্স রেসকিউ টিমের সদস্য চঞ্চল গোয়ালা, সামদেও পাশী ও মুক্তাদির রহমান এবং বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
বন কর্মকর্তাদের মতে, লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী গুলোকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। বিশালাকার এই অজগরটি বনে অবমুক্ত করার মাধ্যমে এর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা হলো।