প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬ ১৮:৫৪ (বুধবার)
নালন্দায় তরুণীকে প্রকাশ্যে শ্লী/লতা/হানি ও গণধ/র্ষ/ণে/র চেষ্টা, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায় ২০ বছর বয়সী এক তরুণীকে প্রকাশ্যে শ্লীলতাহানি ও গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১ এপ্রিল) দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরটি প্রকাশ করেছে সংবাদ প্রতিদিন।

জানা যায়, গত ২৬ মার্চ সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও তা প্রকাশ্যে আসে মঙ্গলবার (৩১ মার্চ), যখন অভিযুক্তদের একজনের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী তরুণী নালন্দা জেলার একটি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করেন। তার স্বামী কাজের সূত্রে মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করছেন।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বাজার থেকে ফেরার পথে তিনজন ব্যক্তি তাকে জাপটে ধরে। বাধা দিলে তাকে মাটিতে ফেলে দেওয়া হয় এবং তার পোশাক ছিঁড়ে ফেলা হয়। এসময় তরুণী চিৎকার করে সাহায্য চান, কিন্তু অভিযুক্তরা তা উপেক্ষা করে। এমনকি আশপাশে লোকজন জড়ো হলেও তাদের সামনেই তরুণীকে গণধর্ষণের চেষ্টা করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে। ঘটনার পরদিন ভুক্তভোগী নূরসরাই থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত অশোক যাদব এবং মাতলু মাহাতো ওরফে নবনীত কুমার নরোত্তমকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় অভিযুক্ত রবিকান্ত কুমার পলাতক রয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-এর আওতায় শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা, হামলা ও ভীতি প্রদর্শনের ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারাও যুক্ত করা হয়েছে।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থানীয় প্রশাসন একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। পলাতক আসামিকে গ্রেফতারে চিরুনি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।