ছবি: প্রিয়াংকা চোপড়া
বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া-কে সম্প্রতি দেখা গেল এক ভিন্ন রূপে। ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর-এ অবস্থিত স্বর্ণমন্দির-এ সেবা দিতে দেখা গেছে তাকে। শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে সাধারণ মানুষের মতোই বাসন মাজতে দেখা যায় এই অভিনেত্রীকে।
জানা গেছে, ‘বারানসি’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে এসেছেন প্রিয়াংকা। প্রায় ১২ বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন তিনি। এই সিনেমার কাজ শেষ করতে আরও প্রায় সাত মাস সময় লাগবে বলে জানিয়েছেন অভিনেত্রী।
শুটিংয়ের ফাঁকে অমৃতসরে গিয়ে স্বর্ণমন্দিরে সেবা দেন তিনি। এছাড়া দেশে ফিরে পরোটা, ডাল মাখানি, দইসহ বিভিন্ন ভারতীয় খাবার উপভোগের ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
‘বারানসি’ সিনেমায় প্রিয়াংকার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু। চলতি বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হয় এবং এর প্রথম ঝলক ইতোমধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
প্রিয়াংকা চোপড়া জানান, তিনি ভারতীয় সিনেমায় কাজ করতে ভালোবাসেন এবং ‘বারানসি’ সিনেমায় অভিনয় করতে পেরে খুশি। তিনি আরও বলেন, দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় ফিরলেও এটি হিন্দি নয়, দক্ষিণী সিনেমার মাধ্যমে তার প্রত্যাবর্তন।
বলিউড ও দক্ষিণী সিনেমার মধ্যে পছন্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুই জগতেই কাজ করতে তার সমান ভালো লাগে, তাই একটিকে বেছে নেওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, ‘বারানসি’ সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াংকা। এছাড়াও তার হাতে রয়েছে ‘জাজমেন্ট ডে’ সিনেমার কাজ, যা চলতি বছর মুক্তি পাওয়ার কথা। পাশাপাশি ‘কৃষ ৪’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন থাকলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।