প্রতীকী ছবি
সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার বিকেলে তা স্বাভাবিক হয়েছে। মনতলা রেলস্টেশনের কাছে বুধবার রাত থেকে বন্ধ থাকা রেলপথ বিকেল চারটার দিকে উদ্ধারকাজ ও লাইন সংস্কার শেষ হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম।
বুধবার রাত প্রায় সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলভর্তি মালবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করার সময় পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে চারটি বগি লাইনের পাশের জমিতে উল্টে পড়ে এবং একটি পাশের ডুবার পানিতে চলে যায়। এতে রাত থেকেই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠায় এবং মধ্যরাত থেকে উদ্ধারকাজ শুরু হয়।
দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ডিজেল সংগ্রহ করতে সকালে আশপাশের মানুষ ভিড় করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ। হবিগঞ্জ ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ ইশতিয়াক মোরশেদ জানান, বিজিবির সদস্যরা নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারিকেন সংগ্রহ করে প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছেন। এতে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি দুর্ঘটনাস্থলে নিরাপত্তা বজায় রাখা সম্ভব হয়।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, একটি বগি সেতুর নিচে পানিতে পড়ে থাকায় উদ্ধার কাজে সময় বেশি লেগেছে। দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে রেলওয়ে নিরলসভাবে কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। ঘটনাটি তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
লাইনচ্যুত বগিগুলো থেকে ডিজেল নিখোঁজ হওয়া প্রসঙ্গে কামরুজ্জামান জানান, প্রতিটি বগিতে প্রায় ৩৯ হাজার লিটার তেল ছিল। দুইটি বগি থেকে প্রায় ত্রিশ শতাংশ এবং অন্যগুলো থেকে পাঁচ থেকে দশ শতাংশের মতো ডিজেল মিসিং হয়েছে।
রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। নোয়াপাড়া ও শায়েস্তাগঞ্জসহ বেশ কয়েকটি স্টেশনে ট্রেন আটকা পড়ে এবং উপবন এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়। নোয়াপাড়া স্টেশনের যাত্রী সালাউদ্দিন জানান, তিনি ঢাকাগামী টিকিট কেটে অপেক্ষায় ছিলেন, কিন্তু হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয়।
উদ্ধারকাজ শেষ হওয়ায় বৃহস্পতিবার বিকেলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় সচল হয়। কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত স্থানে মেরামত কাজ অব্যাহত থাকলেও ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।