প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬ ১৮:৩৬ (বৃহস্পতিবার)
কিশোর জুনায়েদ হ/ত্যা: গ্রেফতারকৃত ২ আসামি জেলহাজতে

জুনায়েদ হত্যায় পুলিশের হাতে আটক মোঃ মারুফ ও মোঃ জুয়েল মিয়া।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আলোচিত কিশোর জুনায়েদ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে। 

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার সাথে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভুনবীর ইউনিয়নের আলীসারকুল গ্রামের মোঃ ছুরুত আলীর (ওরফে ছুরুক) পুত্র মোঃ মারুফ (২৪) এবং একই এলাকার তোরাব মিয়ার পুত্র মোঃ জুয়েল মিয়া (২৭)।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নিহতের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা (নং-২৪, তারিখ: ৩১/০৩/২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, ‘হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

 
ছবির ক্যাপশন: শ্রীমঙ্গল উপজেলার আলোচিত কিশোর