প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬ ২০:৪২ (শুক্রবার)
সাগরিকার জোড়া গোলেও হার

ছবি: সংগৃহীত

সাগরিকার দুর্দান্ত জোড়া গোলেও শেষ রক্ষা হলো না। থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ম্যাচের ৬৯ মিনিট পর্যন্ত জয় কিংবা অন্তত ড্রয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পনেরো মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে পরাজয় বরণ করে বাংলাদেশ। ফলে এশিয়ান মঞ্চে প্রথম পয়েন্ট পাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হলো দলটি।

ম্যাচের শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকা বাংলাদেশকে প্রথমার্ধে এগিয়ে দেন মেধাবী ফুটবলার মোসাম্মৎ সাগরিকা। একক প্রচেষ্টায় গোল করে দলকে লিড এনে দেন তিনি। দ্বিতীয়ার্ধেও নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান সাগরিকা। তার জোড়া গোলে জয় স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ।

তবে হঠাৎ করেই ম্যাচের মোড় ঘুরে যায়। ডিফেন্সে চরম ভুলে ভুগতে থাকে বাংলাদেশ। সুরমা জান্নাত ও নবীরন কয়েক মিনিটের ব্যবধানে থাইল্যান্ডের দুই ফরোয়ার্ডকে পেছন থেকে ফাউল করেন, যা থেকে দুটি স্পষ্ট পেনাল্টি পায় স্বাগতিকরা। সেই দুটি সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে থাইল্যান্ড।

সমতা ফেরানোর পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে থাইল্যান্ড। বাংলাদেশের ডিফেন্ডারদের ওয়ান-টু পাসে কাটিয়ে তৃতীয় গোল আদায় করে তারা। পেনাল্টির পর রক্ষণভাগে আত্মবিশ্বাস হারিয়ে ফেলায় প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় বাংলাদেশ।

৮০ মিনিটে ৩-২ গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরানোর চেষ্টা চালায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আর উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে পারেনি দলটি। ফলে সম্ভাবনা জাগিয়েও হার নিয়েই মাঠ ছাড়তে হয় কোচ বাটলারের শিষ্যদের।

ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত আসে ৩১ মিনিটে। বাংলাদেশের অর্ধ থেকে থ্রু পাস পেয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে প্রায় ৪৫ গজ দূরত্ব পাড়ি দিয়ে বক্সে ঢোকেন সাগরিকা। গোলরক্ষক এগিয়ে এলেও ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন তিনি। সেই গোলে ডাগআউট ও গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।