প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬ ২১:২৫ (শনিবার)
বিশ্বকাপ টিকিটে আগুন, দাম ছাড়াল ১০ হাজার ডলার

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রির নতুন ধাপ শুরু হতেই এর মূল্য নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার (১ এপ্রিল) টিকিট বিক্রির ওয়েবসাইট পুনরায় চালু হওয়ার পর দেখা যায়, ফাইনাল ম্যাচের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০,৯৯০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকার সমান। অথচ গত ডিসেম্বরেও একই টিকিটের মূল্য ছিল ৮,৬৮০ ডলার।

ফিফা এবার ‘ডায়নামিক প্রাইসিং’ বা পরিবর্তনশীল মূল্য পদ্ধতি চালু করায় চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের দামও দ্রুত বেড়ে যাচ্ছে। শুধু ফাইনাল নয়, গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটও সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। উদাহরণস্বরূপ, মেক্সিকো বনাম সৌদি আরবের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২,৯৮৫ ডলার।

এদিকে কানাডার প্রথম ম্যাচের টিকিটের দামও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তবে ইতিবাচক দিক হলো, এবার প্রথমবারের মতো ভক্তরা লটারির পরিবর্তে সরাসরি নিজেদের পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করতে পারছেন।

টিকিট বিক্রির শুরুতেই ভক্তদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। ওয়েবসাইট চালু হওয়ার পর কারিগরি ত্রুটির কারণে অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে, এমনকি ভুল লিংকে প্রবেশ করে বিভ্রান্তিও তৈরি হয়েছে। যদিও পরে ফিফা জানিয়েছে, এসব সমস্যা সমাধান করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, সব টিকিট একসঙ্গে ছাড়া হয়নি; টুর্নামেন্ট চলাকালীন ধাপে ধাপে আরও টিকিট ছাড়া হবে।

ফিফার এই উচ্চমূল্য নির্ধারণের নীতির তীব্র সমালোচনা করেছেন মার্কিন রাজনীতিকরাও। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ৬৯ জন সদস্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি দিয়ে জানিয়েছেন, এই পদ্ধতি ফুটবলকে সাধারণ মানুষের নাগালের বাইরে ঠেলে দিচ্ছে।

তাদের মতে, ২০২৬ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আসর হতে যাচ্ছে, যেখানে সাধারণ ভক্তদের তুলনায় ধনীদের প্রাধান্য বাড়বে। তবে ফিফা সভাপতি মূল্যবৃদ্ধির পেছনে ব্যাপক চাহিদাকে দায়ী করে জানিয়েছেন, সবকিছু আইনি কাঠামোর মধ্যেই করা হচ্ছে।

৪৮ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যেমন উত্তেজনা বিরাজ করছে, তেমনি টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে সাধারণ ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা।