সিলেট নগরী, শনিবার (৪ এপ্রিল) বিশেষজ্ঞরা জানিয়েছেন, বজ্রসহ ঝড় বা কালবৈশাখীর সময় শুধু ঘরের বাইরে নয়, ঘরের ভেতরের ইন্টারনেট সংযোগ-বিশেষ করে ওয়াইফাই রাউটার নিয়েও সতর্ক থাকা জরুরি। ঝড়ের সময় তিনটি প্রধান ঝুঁকি তৈরি হয়- বজ্রপাত, ভোল্টেজ ওঠানামা এবং হঠাৎ পাওয়ার সার্জ। এই সার্জ শুধু বিদ্যুৎ লাইনের মাধ্যমেই নয়, ব্রডব্যান্ড বা ফাইবার কেবল দিয়েও ডিভাইসে প্রবেশ করতে পারে।
তীব্র ঝড়ের সময় ওয়াইফাই চালু থাকলে রাউটার, মডেম, ওএনটি ডিভাইস বা সংযুক্ত কম্পিউটার ও ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিরল ক্ষেত্রে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঝুঁকিও থাকে। তাই ঝড়ের সময় ওয়াইফাই বন্ধ রাখা সবচেয়ে নিরাপদ।
বিশেষজ্ঞরা বলেন, শুধু সুইচ অফ করলেই কাজ হয় না। রাউটার ও মডেমের পাওয়ার প্লাগ সরাসরি খুলে রাখা এবং ল্যান বা ফাইবার কেবল বিচ্ছিন্ন করা জরুরি। এছাড়া সার্জ প্রোটেক্টর, ইউপিএস ব্যবহার এবং মানসম্মত ডিভাইস বেছে নেওয়াও ঝুঁকি কমাতে সাহায্য করে।
তারা আরও জানান, সাধারণ বৃষ্টি বা স্বাভাবিক আবহাওয়ায় ওয়াইফাই চালু রাখা নিরাপদ। তবে বজ্রসহ ঝড় বা তীব্র আবহাওয়ার সময় রাউটার বন্ধ রাখার অভ্যাসে সাময়িক ইন্টারনেট বিভ্রাট হলেও ডিভাইস ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।