প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬ ১৮:২৯ (রবিবার)
সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আলটিমেটাম

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে সরকারকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের প্রতিনিধি শরিফুল হাসান শুভ বলেন, ‘সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘ সেশনজট এবং নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করতে পারেননি। ফলে তারা সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের কাছে বৈষম্যমূলক বলে মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে চাকরিতে আবেদনের বয়সসীমা অস্থায়ীভাবে সর্বোচ্চ ৩৭ থেকে ৪০ বছর পর্যন্ত নির্ধারণের দাবি জানানো হয়েছে।’ পাশাপাশি স্থায়ীভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর করার দাবি পুনর্ব্যক্ত করেন তারা।

শরিফুল হাসান শুভ উল্লেখ করেন, গত প্রায় ১৪ বছর ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন চাকরিপ্রত্যাশীরা। বিভিন্ন সময় আশ্বাস মিললেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী আবদুল বারীর সঙ্গে একাধিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি নীতিগতভাবে বয়সসীমা ৩৫ বছর করার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে বাস্তবায়নে এখনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।