প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬ ১৯:৪০ (রবিবার)
২০ জেলায় ৩০ এলাকাকে হামের ‘হটস্পট’ ঘোষণা

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০টি জেলার ৩০টি স্থানকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার।

আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে এসব উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় এ কার্যক্রম শুরু হবে এবং আগামী ২১ মে ২০২৬, পবিত্র ঈদুল আজহার আগেই তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দেশের শিশুদের হামের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে দ্রুত এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম ধাপে চিহ্নিত ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ করা হবে। সরকারের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যেই সব শিশুকে টিকার আওতায় আনা।

চিহ্নিত হটস্পটগুলোর মধ্যে রয়েছে বরগুনা জেলা পৌরসভা ও সদর, পাবনা পৌরসভা ও সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া উপজেলা, চাঁদপুর পৌরসভা ও সদর ও হাইমচর উপজেলা, কক্সবাজার জেলার মহেশখালী ও রামু উপজেলা, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা।

এছাড়া নেত্রকোনা জেলার আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল ও তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ী, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোর পৌরসভা ও সদর, নাটোর পৌরসভা ও সদর, মুন্সীগঞ্জ পৌরসভা ও সদর, লৌহজং ও শ্রীনগর উপজেলা, মাদারীপুর পৌরসভা ও সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি এবং শরীয়তপুরের জাজিরা উপজেলাও এই তালিকায় রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশু বর্তমানে জ্বর বা অসুস্থতায় ভুগছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে। এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক হবে বলে জানানো হয়েছে।