ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
শুক্রবার (৩ এপ্রিল) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে ফার্স নিউজ দাবি করেছে, তেহরান স্বল্পমেয়াদি এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেয়নি। যদিও এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার (১ এপ্রিল) অন্য একটি দেশের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়। তবে সেই মধ্যস্থতাকারী দেশের পরিচয় প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল।
এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে তেহরানের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।