ছবি: সাজু মারছিয়াং
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর (বিএনপি) নির্বাচনী ইশতেহার অনুযায়ী দীর্ঘমেয়াদী উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)- এর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
উন্মুক্ত আলোচনায় সাংবাদিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী এবং চা-শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় শ্রীমঙ্গলের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। শহরের যানজট কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ,প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়ন এবং গ্রামীণ সড়ক নির্মাণ,শহরের ময়লার ভাগার অপসারণ ও পর্যটনবান্ধব টেকসই উন্নয়ন,নতুন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাসহ চা বাগান শ্রমিকদের উন্নত বাসস্থান নিশ্চিতকরণ ও বেকারত্ব দূরীকরণ।
সভায় প্রধান অতিথি বক্তব্যে, সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ও চা-শ্রমিকসহ সকল স্তরের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। শ্রীমঙ্গলের সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী ৫ বছরের (পঞ্চবার্ষিকী) উন্নয়ন কর্মপরিকল্পনা তৈরিতে জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে স্থানীয় নাগরিকরা তাদের লিখিত প্রস্তাবনা উপজেলা প্রশাসনে জমা দিতে পারবেন।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এই সমন্বিত উদ্যোগের ফলে শ্রীমঙ্গল একটি আদর্শ ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে।