প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬ ২২:১৪ (রবিবার)
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে চারদিন শিলাবৃষ্টির শঙ্কা

ছবি: সংগৃহীত

আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে চারদিন শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা বাড়তে পারে এবং সপ্তাহজুড়ে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এছাড়া আগামী সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমতে পারে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে।

এর আগে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এ সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ফেনী ও কুড়িগ্রামের রাজারহাটেও বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে।