ছবি: ইমজা নিউজ
সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মধ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-র কার্যালয়ে আয়োজিত এই মত বিনিময় অনুষ্ঠানে ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিস রহমান-এর সঞ্চালনায় উভয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর সভাপতি নোমান ফয়সাল বক্তব্য দেন। এছাড়াও ইমজা ও শাবি প্রেসক্লাবের অন্যান্য নেতারাও নিজেদের মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করতে অভিজ্ঞতা বিনিময়ের বিকল্প নেই। ইমজার অভিজ্ঞ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শাবি প্রেসক্লাবের নতুন প্রজন্মের সাংবাদিকরা বাস্তবধর্মী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের যৌথ উদ্যোগ ভবিষ্যতে সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে দুই সংগঠনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা, তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে দক্ষতা উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন পেশাগত কার্যক্রম পরিচালনারও প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান রিপন বলেন, ‘ইমজা একটি পরিবারের মতো সংগঠন, যেখানে সহকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও দৃঢ় সম্পর্ক বিদ্যমান। শাবি প্রেসক্লাবের সঙ্গে এই সমন্বয় সাংবাদিকতার গতি ও মান আরও বৃদ্ধি করবে।’ তিনি আরও বলেন, তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে ইমজা সবসময় পাশে থাকবে এবং ভবিষ্যতেও এই সুসম্পর্ক বজায় রেখে একযোগে কাজ করা হবে।
সার্বিকভাবে অনুষ্ঠানে দুই সংগঠনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে উপস্থিত নেতৃবৃন্দ মনে করেন।
বক্তব্য দেন শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সাকিব আহমদ মিঠু, ইমজার সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক আহমাদ সেলিম, ইমজার সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শাবি প্রেসক্লাবের সহসভাপতি সৈকত মাহবুব, সাধারণ সম্পাদক নূর আলম, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, ইমজার নির্বাহি সদস্য সন্দীপন শুভ ও আজমল আলী। এছাড়া উপস্থিত ছিলেন ইমজার সিনিয়র সহ-সভাপতি লিটন চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. হাসান শিকদার সেলিম, শাবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোফাজ্জল হক, কার্যকরী রিষদ সদস্য মো. ইকবাল হোসেন, সদস্য ইসফাক আলী, কাজী আতাহার উদ্দিন ও হিমেল হান্নান প্রমুখ।