প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬ ০০:০২ (রবিবার)
অস্ট্রেলিয়ার ভিসা এখন দ্রুত! একদিনে ভিজিট, স্টুডেন্ট ভিসাতেও গতি

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ও ভিজিটর ভিসার প্রক্রিয়াকরণ দ্রুততর হলেও স্থায়ী ভিসা আবেদনকারীদের জন্য অপেক্ষার সময় এখনও দীর্ঘ। ২৩ মার্চ ২০২৬ প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী শিক্ষার্থী ভিসা গড়ে ৩৩ দিনে নিষ্পত্তি হচ্ছে। ভিজিটর ভিসার বেশির ভাগ আবেদন এক দিনের কম সময়ে সম্পন্ন হচ্ছে।

অস্থায়ী দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রে গড় প্রক্রিয়াকরণের সময় ৮৭ দিন। তবে আবেদনপত্র অসম্পূর্ণ হলে বিলম্ব ঘটতে পারে। স্বরাষ্ট্র দপ্তর সতর্ক করেছে, আবেদনপত্র পূর্ণতা, অতিরিক্ত তথ্যের জবাব দেওয়ার গতি এবং স্বাস্থ্য, চরিত্র ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত যাচাইয়ের ওপর প্রক্রিয়ার সময় নির্ভর করে।

দেশের বাইরে থেকে শিক্ষার্থী ভিসার আবেদন করলে তা বিভিন্ন নীতিমালার আওতায় মূল্যায়ন করা হয়। তাই কোর্স শুরুর অনেক আগে এবং সব প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর।

অন্যদিকে স্থায়ী ভিসায় অপেক্ষার সময় তুলনামূলক বেশি। দক্ষ কর্মী স্থায়ী ভিসা পেতে গড়ে ৯ মাস এবং পার্টনার ভিসায় প্রায় ১৭ মাস সময় লাগছে। সরকারি অগ্রাধিকারের ভিত্তিতে এসব আবেদন প্রক্রিয়া করা হয়। বিশেষ করে আঞ্চলিক এলাকায় নিয়োগদাতার মাধ্যমে আবেদনকারী এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে কর্মরতদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রক্রিয়াকরণের সময় নিয়মিত হালনাগাদ করা হয় এবং ভৌগোলিক অবস্থানসহ বিভিন্ন কারণে তা ভিন্ন হতে পারে। সম্পূর্ণ তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে বিলম্ব কমানো সম্ভব।