প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬ ১১:৪৯ (রবিবার)
সিলেটে বেপরোয়া ছি/ন/তা/ই চক্র: একদিনে শিকার ২ সাংবাদিক

সিলেটে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীরা এমনভাবে সক্রিয় হয়ে উঠেছে যে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। মোটরসাইকেল কিংবা সিএনজি অটোরিকশা ব্যবহার করে সংঘবদ্ধ চক্রগুলো পথে একা থাকা মানুষকে টার্গেট করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও থানা পুলিশের নজরদারি জোরদার করা হলেও ছিনতাই কমছে না। পূর্বের একাধিক ঘটনার অপরাধীরা ধরা না পড়ায় চক্রগুলো আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে স্থানীয়দের অভিযোগ।

শনিবার (৪ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের জালালাবাদ ও কোতোয়ালি থানার দুটি এলাকায় সিএনজি অটোরিকশা ব্যবহার করে ছিনতাইকারীদের টার্গেটে পড়েন দুই সাংবাদিক।

ভোরে ঢাকাগামী বাস থেকে নামার পর জালালাবাদ থানাধীন টুকেরবাজার তেমুখী ব্রিজের কাছে ছিনতাইয়ের শিকার হন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন। বাসায় ফেরার জন্য সড়কের পাশে অপেক্ষা করার সময় সিএনজি অটোরিকশায় (সিলেট থ ১১-৩২১৬) থাকা তিন ছিনতাইকারী তাকে মারধর করে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের ৪র্থ তলার ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

একই দিনে বিকেলে নগরীর আম্বরখানা এলাকা থেকে নিজের তিন বছরের সন্তানকে সঙ্গে নিয়ে সিএনজি অটোরিকশায় শাহী ঈদগাহের দিকে যাচ্ছিলেন বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ওহী আলম রেজা। অটোরিকশায় আগেই দুজন যাত্রী ছিলেন। পথের মাঝখানে আরেকজন যাত্রী উঠে বসেন। কিছু দূর যাওয়ার পর সেই যাত্রী হঠাৎ তার সন্তানের দিকে চাকু ধরে চুপ থাকতে বলেন। আতঙ্কের মধ্যে তিনি সন্তানকে জড়িয়ে ধরলে ছিনতাইকারী তার পকেট থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়। নির্ধারিত গন্তব্যে না নামিয়ে সিএনজি চালক আরও কিছু দূর গিয়ে তাদের নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।

ছিনতাইয়ের এসব ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক আরও বেড়েছে, আর হঠাৎ বেড়ে যাওয়া এসব অপরাধ দমনে জরুরি পদক্ষেপের দাবি উঠছে নাগরিক মহলে।