প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬ ১২:০৪ (রবিবার)
সিলেটে হামের টিকা কবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

অতি সংক্রামক হাম রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে আজ থেকে দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে বেশি সংক্রমিত ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকা দেওয়া হচ্ছে। এরপর আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে এবং ৩ মে থেকে সিলেটসহ অন্যান্য জেলার উপজেলা পর্যায়ে হামের টিকা দেওয়া শুরু হবে।

রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাম রোগের ভয়াবহতা কোনো অংশে করোনার চেয়ে কম নয়। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি জানান, সঠিক পদক্ষেপ নিলে করোনার মতো হামও নিয়ন্ত্রণে আনা সম্ভব।

গাজীপুরে পৃথক অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, টিকাদান কার্যক্রম নিয়মিত চলবে এবং এতে কোনো ঘাটতি রাখা হবে না। দ্রুতগতিতে পদক্ষেপ নেওয়ায় সরকার শিশুর ঝুঁকি কমাতে সক্ষম হবে। যত বেশি শিশু টিকার আওতায় আসবে, তত বেশি নিরাপদ থাকবে সবাই। তিনি জানান, একজন শিশুকেও টিকার বাইরে রাখা হবে না এবং যাঁরা টিকা দিচ্ছেন তাঁরা পারিপার্শ্বিক পরিবারগুলোকে টিকা নিতে উৎসাহিত করবেন। আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকেই পুনরায় টিকা দেওয়া হবে। সাম্প্রতিক সময়ে হাম আক্রান্তদের মধ্যে বেশীর ভাগই শিশু। ফলে প্রথম ধাপে শিশুদের টিকার আওতায় আনা হয়েছে। 

অন্যদিকে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, দেশের অন্যান্য স্থানের তুলনায় সিলেটে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে বাড়েনি। উচ্চ ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ কিংবা মধ্যম ঝুঁকিতেও সিলেট নেই। তবুও প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, আগামী মাসের প্রথম দিক থেকেই সিলেট মহানগরে হামের টিকাদান কার্যক্রম চালু করা হবে।

এদিকে, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়। এই তালিকায় সিলেটের নাম নেই।