প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬ ১৪:৪১ (সোমবার)
কেন ভারতে গিয়েছিলেন সিলেটের সাদ্দাম: ৫ দিন ধরে লা/শের অপেক্ষায় পরিবার

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে নিহত সাদ্দাম হোসেনের মরদেহ ঘটনাস্থলের পাঁচ দিন পরও দেশে ফেরেনি। পরিবারের দাবি, গুলিবিদ্ধ অবস্থায় তার দেহ এখনও ভারতের ভেতরেই পড়ে আছে এবং সেটি হস্তান্তর করেনি বিএসএফ।

নিহত সাদ্দাম হোসেন উত্তর রণীখাই ইউনিয়নের লামা উত্তমা গ্রামের বাসিন্দা, তিনি বীর মুক্তিযোদ্ধা কুটু মিয়ার ছেলে। স্থানীয়ভাবে জানা গেছে, সীমান্তের চোরাই পথে ভারতের ভেতরে গিয়ে তিনি মারা যান।

পরিবার ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার (১ এপ্রিল) দুপুরে সীমান্তের ১২৪৭ নম্বর পিলারের প্রায় ছয়শ গজ ভেতরে ভারতের রাজনটিলা এলাকায় সুপারি আনতে যান সাদ্দাম হোসেন, ফরহাদ মিয়া, আবু বক্কর এবং জফির মিয়া। এ সময় বাগানের মালিক খাসিয়ারা গুলি ছুঁড়লে সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান। ফরহাদ গুলিবিদ্ধ হলে তার সঙ্গীরা তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনেন। আহত ফরহাদ একই গ্রামের লিলু মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই নাজীম উদ্দীন জানান, চারজন একসঙ্গে ভারতের দিকে গেলে খাসিয়াদের গুলিতে সাদ্দাম মারা যায়। তিনি বলেন, চার দিন পার হলেও তার মরদেহ ফেরত পাওয়া যায়নি, পরিবার এখনো অপেক্ষায় আছে।

রোববার (৫ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সীমান্ত পাড়ি দিয়ে ভারতীয় অংশে ঢোকার পর খাসিয়াদের গুলিতে নিহত হন সাদ্দাম। তার মরদেহ এখনো ভারতীয় পক্ষ হস্তান্তর করেনি। নিহতের পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছে। বিএসএফ এবং বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার বিষয়টি সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো বৈঠক হয়নি বলে তিনি জানান।