প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬ ১৭:৩৯ (সোমবার)
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস: আজও সিদ্ধান্ত হয়নি, সপ্তাহেই আসছে ঘোষণা

ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী দুই-এক দিনের মধ্যেই সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তিনি জানান, আজ ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের সুবিধা-অসুবিধা ও পরামর্শ শোনা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিজনিত বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার (৫ এপ্রিল) জানা যেতে পারে।

উল্লেখ্য, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে প্রায় ৪০ দিনের ছুটির পর গত ২৯ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে পড়েছে বাংলাদেশসহ অনেক দেশ।

এ পরিস্থিতিতে জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়টি সামনে এসেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সপ্তাহে এক দিন অনলাইন ক্লাস চালুর একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে জাতীয় সংসদ সচিবালয়ে বৈঠক শেষে নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে রোববার থেকেই স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংক্রান্ত নির্দেশনা দেওয়া শুরু হবে।