ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন ইতিহাস গড়লেন ভারতের তারকা পেসার ভূবনেশ্বর কুমার। চেন্নাই সুপার কিংস-এর বিপক্ষে ম্যাচে আয়ুষ মাত্রের উইকেট শিকার করে তিনি স্পর্শ করেন ২০০ উইকেটের মাইলফলক।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাইয়ের ম্যাচে এই কীর্তি গড়েন ভূবনেশ্বর। এর মাধ্যমে তিনি আইপিএল ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছান। তার আগে একমাত্র বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন যুজবেন্দ্র চাহাল।
বর্তমানে ভূবনেশ্বরের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২০২, যা তিনি নিয়েছেন ১৯২ ম্যাচে, গড় ২৭.২৫। তালিকার শীর্ষে থাকা চাহালের ঝুলিতে রয়েছে ১৭৬ ম্যাচে ২২৪ উইকেট। আর তৃতীয় স্থানে রয়েছেন সুনীল নারিন, যার উইকেট সংখ্যা ১৯৩।
মাইলফলকের উইকেটটি আসে দারুণ এক ডেলিভারিতে। অফ স্টাম্পের বাইরে লেংথ বলে শট খেলতে গিয়ে তাল হারান আয়ুষ মাত্রে। বল উঠে যায় মিড-অফে, যেখানে সহজ ক্যাচ নেন রজত পতিদার।
এই ম্যাচে শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দাপট দেখায় বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩ উইকেটে ২৫০ রান তোলে তারা। দলের হয়ে ২৫ বলে তিনটি চার ও আটটি ছক্কার সাহায্যে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেন টিম ডেভিড।
এছাড়া ২৯ বলে ৫০ রান করেন দেবদত্ত পাডিক্কাল। ফিল সল্ট করেন ৩০ বলে ৪৬ এবং অধিনায়ক রজত পতিদার খেলেন ১৯ বলে ৪৮ রানের ইনিংস।
২৫১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভূবনেশ্বরের বোলিং তোপে ১৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায় চেন্নাই সুপার কিংস। ফলে ৪৩ রানের জয় পায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।