জাতীয় সংসদে মঙ্গলবার (৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।
তিনি জানান, মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল- ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেনের মজুত ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল ১৬ হাজার টন।
মন্ত্রী আরও বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযানও অব্যাহত রয়েছে। গত এক মাসে অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।
তেলের দাম বৃদ্ধির বিষয়ে তিনি জানান, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজনে কেবিনেট বৈঠকে আলোচনা করে দাম বাড়ানো হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে।