ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় পতাকাবাহী এভিয়েশন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। একই সঙ্গে দীর্ঘদিন শূন্য থাকা উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাইজার সোহেল আহমেদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ডিএমডি পদে নিয়োগ পাওয়া সৈয়দ মইন উদ্দিনের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য থাকবে। তাকেও যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ডিএমডি পদটি গত কয়েক বছর ধরে শূন্য ছিল। নতুন এই নিয়োগের মাধ্যমে সংস্থাটির শীর্ষ ব্যবস্থাপনায় পূর্ণতা ফিরবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।