প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬ ২১:২১ (বুধবার)
বিসিবি পর্ষদ ভেঙে এডহক কমিটি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে বলে হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনভর নিয়মিত কার্যক্রমেই যুক্ত ছিলেন বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুপুরে তিনি পূর্বাচলে মাঠ পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন গ্রাউন্ডস কমিটির বিদায়ী প্রধান খালেদ মাসুদ। বিকেলে তারা একসঙ্গে বোর্ড কার্যালয়ে ফেরেন।

তবে কিছুক্ষণ পরই হঠাৎ করে বিসিবির বর্তমান পর্ষদ ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর দ্রুতই বোর্ড কার্যালয় ত্যাগ করেন বুলবুল, খালেদ মাসুদ ও নাজমুল আবেদীন ফাহিম। বুলবুল ও খালেদ একই গাড়িতে বিসিবি ত্যাগ করেন, আর আলাদা গাড়িতে তড়িঘড়ি করে বেরিয়ে যান ফাহিম।

এদিকে, নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পরপরই বিসিবি কার্যালয়ে আসেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তিনি বোর্ডে এসে সভাপতির চেয়ারে বসেন।

জানা গেছে, তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এডহক কমিটির মেয়াদ তিন মাস। এই সময়ের মধ্যেই বিসিবির নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। এ কমিটিতে সাবেক ক্রিকেটারদের মধ্যে আরও রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান।

হঠাৎ এই পরিবর্তনে দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এখন সবার নজর আসন্ন নির্বাচনের দিকে।