প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬ ২০:১৯ (বৃহস্পতিবার)
সংসদে তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেওয়ার আহ্বান

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপিদলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। একই সঙ্গে তাঁর সহোদর প্রয়াত আরাফাত রহমানকেও শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্যও মুক্তিযোদ্ধার স্বীকৃতি দাবি করেন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ- সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গাজীপুর-১ আসনের এ সংসদ সদস্য এসব দাবি তোলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ‘নির্যাতিত-নিপীড়িত একটি বিপ্লবের নাম তারেক রহমান।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে গাজীপুরবাসী উজ্জীবিত।

তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় বেগম খালেদা জিয়া পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী ছিলেন এবং তারেক রহমানও নয় মাস বন্দী ছিলেন। এ প্রেক্ষাপটে তিনি বলেন, সুযোগ হলে খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে এবং তারেক রহমান ও তাঁর প্রয়াত সহোদরকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।

এমপি মুজিবুর রহমান দাবি করেন, এই প্রস্তাব তিনি কাউকে খুশি করার জন্য দেননি; বরং এটি তাঁর ব্যক্তিগত আবেগ ও বিশ্বাস থেকে উত্থাপিত দাবি।