প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬ ২০:২৮ (বৃহস্পতিবার)
ওসমানীনগরে গৃহবধূর গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাই

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাসভবনের সামনে দিনে-দুপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্কুলপড়ুয়া সন্তানকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে মিতা দেব নামে এক গৃহবধূর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে স্বর্ণের চেইন ও কানের দুল লুটে নিয়েছে ছিনতাইকারীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের ‘আর কে টাওয়ারের’ সামনে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, ইলাশপুর গ্রামের স্বপন দত্তের স্ত্রী মিতা দেব তার প্রথম শ্রেণিতে পড়ুয়া কন্যা মাধু দত্তকে ইলাশপুর লালাকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে আর কে টাওয়ারের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার পথরোধ করে। মুহূর্তের মধ্যেই অজ্ঞাতনামা ছিনতাইকারীরা মিতা দেবের গলায় ধারালো অস্ত্র ধরে তাকে জিম্মি করে ফেলে। এরপর তার গলা থেকে একটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

থানার একদম কাছে এই ভবনটিতেই দীর্ঘদিন ধরে ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভুঁইয়া ভাড়া থাকেন। ওসির বাসার সামনে জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি এতটাই ভীত যে, মঙ্গলবার রাতে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে প্রথমে তারা ভয়ে বাসার গেট খুলতে চাননি। দীর্ঘক্ষণ ডাকাডাকি ও সাংবাদিক পরিচয়ে তারা গেট খুললেও ভুক্তভোগী মিতা দেব আতঙ্কে কোনো কথা বলতে রাজি হননি।

মিতা দেবের স্বামী স্বপন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ছিনতাইকারীদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল এবং বাকি দুজনের মুখ খোলা ছিল। আমার স্ত্রী কাউকে চিনতে পারেনি। একটি ছুরি গলায় এবং একটি পেটে ঠেকিয়ে সবকিছু নিয়ে যায়। সে অস্ত্র দেখে মানসিকভাবে ভেঙে পড়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তারা এখনো কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেননি।

ঘটনার বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়া জানান, বিষয়টি এখনো তার নজরে আসেনি। তবে তিনি খবর নিয়ে দেখছেন। 

নিরাপদ এলাকায় এমন অপরাধমূলক কর্মকাণ্ড প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।