সুনামগঞ্জের দিরাই উপজেলার দুই গ্রামে পৃথক সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চল্লিশ জন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনাগুলো ঘটে।
গ্রামবাসীর বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার দিকে ছাদিরপুর গ্রামের হামিদ মিয়ার পক্ষ ও হুসেন মিয়ার পক্ষের মধ্যে ধান শুকানোর খোলা নিয়ে বিবাদ শুরু হয়। বিবাদের একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয় এবং এতে হুসেন মিয়ার গ্রুপের আহাদ নুর গুরুতর আহত হন।
অন্যদিকে রফিনগর গ্রামে শফিক মিয়া ও আশরাফ মিয়ার অনুসারীদের মধ্যে হাঁস খাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে পরিণত হয়। এই ঘটনায় শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন (৫৫) আহত হন।
আহতদের উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আহাদ নুর ও গিয়াস উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি এনামুল হক চৌধুরী জানান, তিনি ঘটনাস্থলে আছেন এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।