প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬ ১৩:৫৮ (বৃহস্পতিবার)
সিলেটে যে শর্তে ফিরছে ব্যাটারি রিকশা: হঠাৎ নতুন সিদ্ধান্ত নিলো পুলিশ

সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে চলমান অভিযানের মধ্যেই আটকযানগুলো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তবে ফেরত পাওয়া এসব রিকশা আর কোনোভাবেই মহানগর এলাকায় চলাচল করতে পারবে না। এ নির্দেশনায় সবার সম্মতি এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক রিকশার মালিকদের মানবিক দিক বিবেচনা করেই ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। কিন্তু ফেরত পেলেও এগুলো নগরীতে নামানো যাবে না, এতে সবাই একমত হন।

সভায় আরও জানানো হয়, মহানগর এলাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশার দোকান, ইজিবাইক বিক্রির কেন্দ্র এবং অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে এসএমপির অভিযান আগের মতোই চলছে এবং চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএমপি এর চলমান অভিযানে আটককৃত ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজিবাইকের মালিকদের দুঃখ দুর্দশা ও মানবিক দিক বিবেচনা করে, উক্ত ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজিবাইক গুলো তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে হস্তান্তরের পর উক্ত ব্যাটারিচালিত রিকশা এবং ইজিবাইক কোন অবস্থাতেই মেট্রোপলিটন এলাকায় চলাচল করতে পারবে না। এই বিষয়ে, সকলেই একমত পোষণ করেন। 

এছাড়া, সিলেট মেট্রোপলিটন এলাকায় অবৈধ ব্যাটারি চালিত রিকশার দোকান, অবৈধ ইজি বাইকের দোকান, অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে এসএমপি এর চলমান অভিযান অব্যাহত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি- ডিবি) সাহাদত হোসেনসহ এসএমপি'র অন্যান্য অফিসারবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, রেজাউল হাসান কয়েস লোদী এবং ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দগণ।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। তখন নগরীতে প্রায় ৩০ হাজার ব্যাটারিচালিত রিকশা চলত। অভিযানে বিপুল সংখ্যক রিকশা জব্দ করা হয় এবং একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।