প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬ ২০:৪২ (শুক্রবার)
সালমান শাহ হ/ত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছালো

ছবি: সালমান শাহ।

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে গেছে। মামলাটিতে আগামী ১৪ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই তারিখ নির্ধারণ করেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যাকাণ্ডের ২৯ বছর পর, গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরী-এর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি দায়ের করেন। আদালত এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তাঁর মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ আরও কয়েকজন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর পরিবারের সদস্যরা ঢাকার নিউ ইস্কাটনের বাসায় গেলে তাঁকে ঘুমন্ত অবস্থায় থাকার কথা জানানো হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ফোন পেয়ে তারা বাসায় ফিরে গিয়ে শোবার ঘরে সালমান শাহকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এজাহারে আরও বলা হয়, হাসপাতালে নেওয়ার পথে তাঁর গলায় দড়ির দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।