ছবি: সংগৃহীত
স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মাহমুদুল হক রুবেল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ১১৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮০ ভোট।
শেরপুর-৩ আসনের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৭৩৪ জন। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ১৩ হাজার ৬৪৮ এবং বাতিল ভোট ২ হাজার ৮৬টি। ভোটের হার ছিল ৫২.১৯ শতাংশ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদ রুবেল এ নিয়ে চতুর্থবারের মতো বিজয়ী হলেন।
১৯৯৪ সালে শেরপুর-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য সেরাজুল হকের মৃত্যুজনিত উপনির্বাচনে তিনি প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আরও দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।