প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬ ১৯:০৮ (শনিবার)
সিলেটে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা, শেষমেশ খাদে পড়ল দুই বাস

ছবি: ইমজা নিউজ

সিলেটে দুই বাসের মুখোমুখী সংঘর্ষ এড়াতে গিয়ে খাদে পড়ে অন্তত ৯ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকাল পৌণে ৩টা থেকে ৩টার মধ্যে নগরীর এয়ারপোর্ট রোডের মালনিছড়া পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় পড়া দুটি বাসেই পর্যটক ছিলেন। এর মধ্যে একটি বাস সাদাপাথরগামী পর্যটকদের বহন করছিল এবং অপরটি ছিল রাহাত এন্টারপ্রাইজের। বিপরীতমুখী পথে চলাচলের সময় বাস দুটি প্রায় মুখোমুখী সংঘর্ষের মুখে পড়ে।

তবে চালকদের দক্ষতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। এ সময় সাদাপাথরগামী বাসটি খাদে পড়ে যায় এবং রাহাত এন্টারপ্রাইজের বাসটি আংশিক খাদে ঝুঁকে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহত ৯ থেকে ১০ জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মো. সহিদুর রহমান, সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি জানান, আহতদের উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে বাস দুটি উদ্ধারে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগকে জানানো হয়েছে।