ছবি: সংগৃহীত
সিলেটে নতুন আবাসিক গ্যাস সংযোগ, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণিতে সংযোগ এবং লোড বৃদ্ধি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে বলে সতর্কতা জারি করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেডিটিডিএসএল)।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গৃহস্থালী, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণিতে নতুন গ্যাস সংযোগ এবং গ্যাস সরঞ্জাম (বার্নার) বৃদ্ধির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ কারণে নতুন সংযোগ বা লোড বৃদ্ধির নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া জেডিটিডিএসএল জানায়, তাদের বিতরণ এলাকায় গ্যাস দুর্ঘটনা রোধে পাইপলাইনের ওপর কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ এবং বিতরণ লাইন থেকে অবৈধ সংযোগ নেওয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গ্রাহকদের অনুমোদিত সীমার বাইরে অতিরিক্ত বা অধিক ক্ষমতার গ্যাস সরঞ্জাম ব্যবহার থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাসসংক্রান্ত যেকোনো কাজ- যেমন চুলা ও রাইজার স্থানান্তর, অভ্যন্তরীণ বা সার্ভিস লাইন মেরামত, বুশ ও রেগুলেটর পরিবর্তন, লক-উইং কক পরিবর্তন কিংবা আরএমএস/সিএমএসের ত্রুটি মেরামত- এসব কাজ সংশ্লিষ্ট আঞ্চলিক বিতরণ কার্যালয়কে অবহিত করে মনোনীত প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করতে হবে।
নিরাপত্তার স্বার্থে অভ্যন্তরীণ জিআই/এমএস লাইন মাটির উপরে দৃশ্যমানভাবে স্থাপন এবং রান্না ঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খোলা রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।