সিলেটের কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়ানো চোরাকারবারি মো. মনিরুল ইসলামকে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) তাকে গ্রেফতার করে বিজিবি ও পুলিশের একটি যৌথ দল।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মো. নূরুল হুদার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এবং সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎ জ্যোতি দাসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল যৌথভাবে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন কালাইরাগ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক ও চোরাচালানী মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মনিরুলকে গ্রেফতার করা হয়। সে কোম্পানীগঞ্জ থানার কালাইরাগ গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।