প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তারেক রহমান। তবে তার নির্ধারিত সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং সিলেট সফরের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
পূর্বের সূচি অনুযায়ী ৩০ এপ্রিল সিলেট আসার কথা থাকলেও পরিবর্তিত সূচি অনুযায়ী তিনি ২ মে সিলেট সফরে আসবেন। শনিবার সিলেট সফরে এসে শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর এ তথ্য জানান।
তিনি জানান, সফরের সময় প্রধানমন্ত্রী বিশ্বনাথের বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন। একইদিন সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
এর আগে গত ১ এপ্রিল সিলেট সফরে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সিলেট আসবেন।
উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।