প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ ১৯:৪৬ (রবিবার)
সিলেটে প’র্নোগ্রাফি মা’মলায় প্রবাসী যুবক গ্রে/ফ/তা/র

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকা থেকে পর্ণোগ্রাফি আইনের মামলায় এক প্রবাসী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) এস.এম মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি শাকির আহমদ (৩৬)-কে গ্রেফতার করেন। তিনি সোবহানীঘাট (মৌবন-৬৭/১) এলাকার বাসিন্দা। এ সময় আসামির ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি একজন ইংল্যান্ড প্রবাসী। ভিকটিমের বড় ভাইয়ের বন্ধু হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে তার পরিচয় ছিল। পরবর্তীতে বিদেশে অবস্থানকালে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ভিকটিমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখায়।

এই সুযোগে ভিডিও কলে কথোপকথনের সময় ভিকটিমের একান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করে আসামি। পরে বিভিন্ন সময়ে সেই ছবি ও ভিডিও ভিকটিমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে মানসিক চাপ সৃষ্টি করে।

অভিযোগে আরও বলা হয়, বিয়ের বিষয়ে দীর্ঘদিন টালবাহানা করার পর গত ৩ এপ্রিল বিকালে ভিকটিমের সঙ্গে কথা বলার সময় আসামি তাকে ভয়ভীতি ও হুমকি দেয়- বিষয়টি প্রকাশ করলে তার সংরক্ষিত অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

এ ঘটনায় ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা-এ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।