প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ ২১:৩৩ (রবিবার)
সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’সহ গ্রে/ফ/তা/র ২

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তাদের মধ্যে একজন নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে দাবি করেছেন।

শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসএমপির মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার শহীদ তালুকদারের ছেলে কয়েছ আহমদ তালুকদার (৩৫) এবং জৈন্তাপুর উপজেলার যশপুর এলাকার হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)।

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল নগরের জিন্দাবাজার এলাকার রাজাম্যানশনের সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরীর একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের করা হলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালায় পুলিশ।

অভিযানে নগরের উপশহর এলাকা থেকে চোরচক্রের মূলহোতা কয়েছ আহমদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ বলে দাবি করেন।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য আকাশ আহমদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।