প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ ১২:২৫ (রবিবার)
সিলেটে গোপনে বন্ধুর বোনের  ভিডিও ধারণ: যুক্তরাজ্য প্রবাসী আ/ট/ক

সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে গোপন ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক প্রবাসীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত শাকির আহমদ (৩৬), সিলেট জেলার কোতোয়ালী থানার সোবহানীঘাট (মৌবন-৬৭/১) এলাকার হাফিজ মঞ্জুরুল ইসলামের ছেলে। তিনি ইংল্যান্ড প্রবাসী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এ দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।

পুলিশ বলছে, ভুক্তভোগীর বড় ভাইয়ের বন্ধু হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে পরিচিত ছিলেন অভিযুক্ত। পরে বিদেশে অবস্থানকালে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখান। এক পর্যায়ে ভিডিও কলে কথোপকথনের সময় ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করেন।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে বিভিন্ন সময়ে ওই ছবি ও ভিডিও ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে পাঠাতেন এবং বিয়ের বিষয়ে টালবাহানা করতেন। সর্বশেষ গত (৩ এপ্রিল) বিকেলে বিয়ের বিষয়ে কথা বলার সময় ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দেন যে, বিষয়টি প্রকাশ করলে সংরক্ষিত অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে আদালতে পাঠানো হয়েছে।