সিলেট ও এর আশপাশের এলাকায় ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩।
ইউরোপীয়-মধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর শহর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার। ভূমিকম্পটির ফলে এখন পর্যন্ত সিলেটে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে হঠাৎ এই কম্পনে জনমনে কিছুটা আতঙ্ক দেখা দেয়।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টা ৩২ মিনিটে সিলেটে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকায়, যা ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র থেকে ২১৪ কিলোমিটার দূরে অবস্থিত ছিল।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা ওই সময়কার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে হওয়া সেই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, সিলেট অঞ্চল দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ জোনে অবস্থিত। গত কয়েক বছরের মধ্যে বেশ কয়েকবার সিলেটে ছোট ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হওয়ায় বিশেষজ্ঞদের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের এই ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরণের বিপদের খবর পাওয়া যায়নি।