প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ ১৪:০১ (রবিবার)
সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য

সিলেট সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

আজ রোববার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, লবিয়া, প্রতাপপুর, মিনাটিলা, সোনারহাট, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় গরু, মহিষ, চিনি, চা-পাতা, কম্বল, ক্রিম ও মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য আটক করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, আটককৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৩ লাখ ৫০ হাজার ৩০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান নিয়মিতভাবে জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আটককৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।