প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ ১৬:২৫ (রবিবার)
সিলেটের সব সমস্যা নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী: আরিফুল হক চৌধুরী

ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের সকল সমস্যা সম্পর্কে অবহিত আছেন এবং তা সমাধানে কাজ করছেন।

আজ রোববার (১২ এপ্রিল) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। তার সফরে সিলেটবাসীর চাওয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী বলেন, ‘সিলেটের সমস্যাগুলো তিনি জানেন। তিনি আগেও বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। ইতোমধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেললাইন উন্নয়ন কার্যক্রম অগ্রগতি হচ্ছে, পাশাপাশি সিলেট বিমানবন্দরের সংস্কার কাজও চলমান রয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। তাছাড়া অন্যান্য সকল সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’

এসময় মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন ধরে আগের সরকারের সময় বন্ধ ছিল। এখন তা পুনরায় চালুর চেষ্টা চলছে। তিনি আরও জানান, শুধু মালয়েশিয়া নয়, সব দেশের শ্রমবাজার নিয়েই সরকার কাজ শুরু করেছে, যাতে প্রবাসে কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পায়।

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতি ও সংকট প্রসঙ্গে তিনি বলেন, যেসব প্রবাসী মারা গেছেন তাদের মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে, তা নিরসনে কাজ চলছে। বিভিন্ন দেশ ও কোম্পানির সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যারা নিরাপত্তাজনিত কারণে ফিরতে চাইছেন না, তাদের নিরাপত্তায় সংশ্লিষ্ট দেশের মিশনগুলো কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।