প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ ১৮:৪৪ (রবিবার)
সিলেটের গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় স্পেনের তৈরি এয়ারগান উদ্ধার

ছবি: র‌্যাব -৯

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে একটি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল জানায়, সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে তারা তথ্য পায় যে, গোলাপগঞ্জ থানার আমুড়া ইউনিয়নের শীলঘাট লম্বাগাঁও এলাকার একটি সুপারি বাগানে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। পরে রাত প্রায় ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে সুপারি বাগানের আশপাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কালো রঙের একটি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানটি স্পেনের তৈরি এবং এতে টার্গেট স্কোপ ও সাইলেন্সার সংযুক্ত ছিল।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এয়ারগানটি অবৈধভাবে আমদানি করা হয়েছে এবং এটি জনমনে ভীতি সৃষ্টি কিংবা অবৈধ কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এছাড়া, এ ধরনের অস্ত্র ব্যবহার ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’ অনুযায়ী নিষিদ্ধ এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি।

এয়ারগানটি কীভাবে দেশে আনা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত- তা শনাক্তে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উদ্ধারকৃত এয়ারগানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।