ছবি: সংগৃহীত
চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ওইদিন রাতে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
হজ ফ্লাইট উদ্বোধন প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ‘আগামী ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন।’ তিনি আরও জানান, সভায় প্রধানমন্ত্রী হাজিদের সেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী বলেন, ‘হাজিরা আল্লাহর মেহমান। তাদের খেদমতে কোনো ত্রুটি রাখা যাবে না। হাজিদের ওপর কোনো অন্যায়, অপরাধ বা অবিচার সহ্য করা হবে না-এ বিষয়ে প্রধানমন্ত্রী পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।’
প্রধানমন্ত্রী হজযাত্রীদের বিষয়ে অত্যন্ত সচেতন উল্লেখ করে ধর্মমন্ত্রী জানান, তিনি খুব শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন, যেখানে হাজিরা অবস্থান করবেন।
এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে হজ ফ্লাইটে সম্ভাব্য জটিলতা প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ, আল্লাহ সব ব্যবস্থা করবেন। কোনো জটিলতা হবে না।’
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন।