সিলেট মহানগরজুড়ে পুলিশের ধারাবাহিক অভিযানে একদিনে ৭১ জনকে আটক করা হয়েছে এবং ট্রাফিক অভিযানে ৭৫টি যানবাহন জব্দ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ২৪ ঘণ্টার অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ পৃথকভাবে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করে।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার ২ জন, ওয়ারেন্টভুক্ত ৯ জন এবং মহানগর অধ্যাদেশে ৩৩ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে এয়ারপোর্ট থানা এলাকা থেকে ২৩৮৫ কেজি ভারতীয় অবৈধ চা পাতা উদ্ধার করা হয়েছে।
একই সময়ে ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টার অভিযানে ৫১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং ৭৫টি যানবাহন জব্দ করেছে। মামলার আওতায় থাকা যানবাহনের মধ্যে বাস ৪টি, সিএনজি ১৬টি, মোটরসাইকেল ২৮টি, প্রাইভেটকার ৪টি এবং অন্যান্য ৫টি রয়েছে। জব্দ করা যানবাহনের মধ্যে বাস ১টি, ট্রাক ২টি, সিএনজি ২০টি, মোটরসাইকেল ৫১টি, প্রাইভেটকার ১টি এবং অন্যান্য ১০টি রয়েছে।
এরপর মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলার ২ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদকসেবী ১১ জন, সন্দেহজনক ৪ জন এবং মহানগর অধ্যাদেশে ৪ জন রয়েছেন। এছাড়া কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৫ জন হকারকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে এবং মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।