ছবি: আরিফুল হক চৌধুরী।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘এই সুযোগে যদি এ এলাকার মানুষ বিদেশে যেতে না পারে, আমি যদি এই মন্ত্রণালয়ের মন্ত্রী থাকি- আমার আক্ষেপ থাকবে।’
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিনে জুড়ী উপজেলা-তে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মন্ত্রী জানান, জুড়ীতে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা প্রয়োজন হবে। পাশাপাশি সেখানে ভাষা শিক্ষা কোর্স চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে যেতে হলে আরবি, জাপানে গেলে জাপানিজ এবং ইউরোপে যেতে হলে ইংরেজি ভাষা জানতে হবে। ভাষায় খুব পারদর্শী না হলেও ন্যূনতম দক্ষতা থাকতে হবে। এই যোগ্যতা অর্জন করতে পারলে আমাদের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে।’
কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, জুড়ীতে উৎপাদিত মিষ্টি কুমড়া, তরমুজ, লেবু ও কলার মতো পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ এবং বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, ‘আপনারা উৎপাদন বাড়ান, যেন পুরো সিলেট বিভাগের বাজারে এসব পণ্য পাওয়া যায়। ভবিষ্যতে এগুলো বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। এতে বিশ্বদরবারে জুড়ী পরিচিত হয়ে উঠবে এবং কৃষকেরা ন্যায্য মূল্য পাবেন।’
এ সময় তিনি কৃষি ও জনশক্তি খাতে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।