ছবি: সংগৃহীত
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ছয়টি জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে, যা আগামী দিনে আরও বিস্তার লাভ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে, সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ এপ্রিল থেকে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে। তবে ১৮ এপ্রিলের পর থেকে সারাদেশে তাপমাত্রা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।