প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬ ২১:৪৬ (শনিবার)
সরকারি সফরে বুধবার সিলেটে আসছেন শিক্ষামন্ত্রী

ছবি: ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ এপ্রিল) সরকারি সফরে সিলেটে আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সফরকালে তিনি সিলেটের বিভিন্ন শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক আদেশে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টায় বিমানযোগে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন শিক্ষামন্ত্রী। সকাল ৯টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

পরে সকাল ১০টায় নগরের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের অডিটোরিয়ামে আয়োজিত সভায় যোগ দেবেন তিনি। ওই সভায় সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য পরীক্ষার কেন্দ্র সচিবরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, শিক্ষামন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, সহকারী একান্ত সচিব ওমর ফারুক দেওয়ান এবং জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদসহ ব্যক্তিগত কর্মকর্তারা।

দ্বিতীয় কর্মসূচি শেষে একই দিন দুপুর ১টা ৫০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন শিক্ষামন্ত্রী।