প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ১৯:৫৯ (বৃহস্পতিবার)
শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, অভিযুক্ত গ্রে/ফ/তা/র

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত এবং বড় ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি আকল মিয়া এবং গুরুতর আহত তার বড় ছেলে শহিদুর রহমান। অভিযুক্ত ছোট ছেলে মো. মুশফিকুর রহমান মশিক (৪০) ঘটনার তিন ঘণ্টার মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিকুর রহমানের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মশিকুর তার হাতে থাকা ছুরি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে আকল মিয়া গুরুতর আহত হন। এ সময় বড় ভাই শহিদুর রহমান এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার পর অভিযুক্ত মশিকুর পালিয়ে গেলে তাকে গ্রেপ্তারে পুলিশ ঝটিকা অভিযান শুরু করে। পরে কালাপুর ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঘটনার পরপরই শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু এবং পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।