প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ২০:২১ (বৃহস্পতিবার)
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন-এর ২০২৬ সালের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘লিডারস’ ক্যাটাগরিতে তিনি ১৬তম অবস্থানে রয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

মাহদী আমিন তার পোস্টে উল্লেখ করেন, টাইম সাময়িকী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসিকতাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। দেশে যখন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সংকটে ছিল, তখন তিনি জনগণের কণ্ঠস্বর হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এই স্বীকৃতি মূলত সেই সংগ্রামেরই ফল বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরেছে। অবাধ নির্বাচন, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে।

উপদেষ্টা আরও লেখেন, নিজের স্বদেশ প্রত্যাবর্তনের সময় দেওয়া ‘আই হ্যাভ এ প্ল্যান’ বক্তব্যের প্রতিফলন আজকের এই অর্জন।

তিনি বলেন, এই স্বীকৃতি শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো বাংলাদেশের মানুষের জন্য গর্বের। একটি সমৃদ্ধ ও আইনের শাসনভিত্তিক রাষ্ট্র গঠনে এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি দেশবাসীকে আরও অনুপ্রাণিত করবে।