প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬ ২১:১১ (বৃহস্পতিবার)
বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন-এর সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বিশেষ করে তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, চামড়াজাত ও পাটজাত পণ্যে তুরস্কের বিনিয়োগকারীরা আগ্রহী হলে উভয় দেশ লাভবান হবে। বাংলাদেশে উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়ায় তুরস্কের উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করলে দ্রুতই লাভবান হতে পারবেন।

অন্যদিকে তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকাশমান এবং এখানে দক্ষ মানবসম্পদ রয়েছে, যা তুর্কি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের পরিবেশবান্ধব পাটপণ্যের আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে এবং তুরস্কেও এসব পণ্যের কদর আছে। এসময় তিনি বাণিজ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।